টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী
নিজস্ব প্রতিবেদক: চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে দুটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট সংগ্রহ করেছে টাইগাররা। ফলে টেবিলে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
বাংলাদেশের পয়েন্ট বর্তমানে ২৮। ফাইনালে উঠতে সাধারণত অন্তত ৬০ শতাংশ পয়েন্ট প্রয়োজন হতে পারে। সেই লক্ষ্য পূরণে বাকি আট টেস্টে বাংলাদেশকে অন্তত পাঁচটি ম্যাচে জয় পেতে হবে।
চার জয় ও দুই ড্র পেলেও বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩-এ থাকবে, যা ফাইনালের জন্য যথেষ্ট নাও হতে পারে। তাই অস্ট্রেলিয়া সিরিজসহ বাকি প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়া সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এবং ইংল্যান্ডের বিপক্ষে দেশে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ।
চলতি চক্রে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ নিয়ে দ্বিতীয় এবং নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
বাংলাদেশের পর ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ভারত। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে।
অর্থাৎ, ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বাকি আট টেস্টে বড় জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে হবে বাংলাদেশকে।
আশা/
