মেসিই সর্বকালের সেরা, স্বীকার করলেন হ্যারি কেইন
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে গোল না করলেও নিজের অসাধারণ পারফরম্যান্সে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। তার দুটি অ্যাসিস্টেই ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে তাই পরাজয়ের হতাশার মাঝেও আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পুরো ম্যাচজুড়েই আক্রমণভাগে সৃজনশীল ফুটবল খেলেন ৩৯ বছর বয়সী মেসি। গোলের খাতা খুলতে না পারলেও এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের দুই গোলেই ছিল তার নিখুঁত অবদান। সেই পারফরম্যান্সই আর্জেন্টিনাকে এনে দেয় ২-১ গোলের স্মরণীয় জয়।
ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলতে গিয়ে মেসিকে সর্বকালের অন্যতম সেরা নয়, বরং সর্বকালের সেরা ফুটবলার বলেই উল্লেখ করেন হ্যারি কেইন।
ইংলিশ অধিনায়ক বলেন, “বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলারদের একজন সে। প্রতিপক্ষের বক্সের আশপাশে বল পেলে যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আজও সে ঠিক সেটাই করেছে।”
তিনি আরও বলেন, “লিওনেল মেসি নিঃসন্দেহে সর্বকালের সেরা খেলোয়াড়। তার অর্জন এবং ধারাবাহিক পারফরম্যান্সই সেই প্রমাণ দেয়।”
ম্যাচের শেষ মুহূর্তে ছন্দ হারানোর বিষয়েও হতাশা প্রকাশ করেন কেইন। তার মতে, শেষ ২০ মিনিটে অতিরিক্ত জায়গা ছেড়ে দেওয়ার সুযোগই কাজে লাগিয়েছে আর্জেন্টিনা।
কেইন বলেন, “আমরা শেষ দিকে অনেক বেশি জায়গা ছেড়ে দিয়েছিলাম। এতে শুধু মেসিই নয়, আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রাও আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর তারা বলকে বিপজ্জনক জায়গায় নিয়ে যেতে সক্ষম হয় এবং তাদের থামানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।”
ম্যাচে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির দুর্দান্ত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
আয়শা/
