আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
আর্জেন্টিনার দাপুটে জয়, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মুসা আল-তামারি গোল করে জর্ডানকে আশা দেখালেও ৮০ মিনিটে লিওনেল মেসি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
পরিসংখ্যানে পুরো ম্যাচেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। তারা ১৩টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে জর্ডান ৫টি শট নিলেও মাত্র একটি ছিল অন টার্গেটে।
বল দখলেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তাদের দখলে ছিল ৭০ শতাংশ বল, যেখানে জর্ডানের ছিল ৩০ শতাংশ। এছাড়া ৭৮০টি পাস দিয়ে ৯৩ শতাংশ পাস সফলতার হার ধরে রাখে আর্জেন্টিনা। কর্নার আদায়েও এগিয়ে ছিল তারা (৬-২)।
এই জয়ে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে নিজেদের শীর্ষস্থান আরও শক্তিশালী করল। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জর্ডানের সামনে কঠিন সমীকরণ অপেক্ষা করছে।
আয়শা/
