আর্জেন্টিনা-জর্ডান: পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কারা এগিয়ে
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে আগামী ২৮ জুন মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তি জর্ডান। ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মাঠের লড়াই শুরুর আগে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, শক্তি-সামর্থ্য এবং পরিসংখ্যান বিশ্লেষণ করলে এগিয়ে থাকছে আর্জেন্টিনাই।
ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও জর্ডানের সিনিয়র জাতীয় দল এর আগে কখনো একে অপরের মুখোমুখি হয়নি। প্রীতি ম্যাচ কিংবা প্রতিযোগিতামূলক কোনো আসরেই দুই দলের দেখা হয়নি। ফলে বিশ্বকাপের মঞ্চে এটি হতে যাচ্ছে তাদের প্রথম সাক্ষাৎ।
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর্জেন্টিনা রয়েছে দুর্দান্ত ছন্দে। শেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এই সময়ে দলটি গড়ে প্রতি ম্যাচে তিনটি করে গোল করেছে এবং একটিও গোল হজম করেনি। আক্রমণ ও রক্ষণ, দুই বিভাগেই দারুণ ভারসাম্য দেখিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে, জর্ডানের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার। শেষ পাঁচ ম্যাচে তারা তিনটি জয়, একটি ড্র এবং একটি পরাজয়ের মুখ দেখেছে। আক্রমণভাগে ম্যাচপ্রতি গড়ে একটি গোল করলেও রক্ষণভাগে দুর্বলতা স্পষ্ট। একই সময়ে তারা প্রতি ম্যাচে গড়ে ২.৬টি গোল হজম করেছে, যা শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে ব্যবধান বেশ বড়। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষ সারিতে অবস্থান করছে এবং দলে রয়েছে একাধিক বিশ্বমানের ফুটবলার। অন্যদিকে, জর্ডান সাম্প্রতিক সময়ে এশিয়ান ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করলেও এখনো শীর্ষ পর্যায়ের দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা সীমিত।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন, বাংলাদেশ সময় সকাল ৮টায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বসবে এই লড়াই।
কাগজে-কলমে, সাম্প্রতিক ফর্ম এবং পরিসংখ্যান সবকিছুই আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। তবে বিশ্বকাপের মঞ্চে অঘটনের নজির নতুন নয়। তাই জর্ডান নিজেদের আন্ডারডগ পরিচয়কে শক্তিতে পরিণত করে চমক দেখাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।
আয়শা/
