বদলে যাচ্ছে বিকাশ-নগদে টাকা পাঠানোর নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন এমএফএস প্ল্যাটফর্মে লেনদেনে অতিরিক্ত যাচাই প্রক্রিয়া যুক্ত করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার কোনো ব্যাংক কার্ড এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ সম্পন্ন করা বাধ্যতামূলক হবে। এই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি সম্পূর্ণভাবে সক্রিয় হবে। এরপর গ্রাহক ইচ্ছামতো অর্থ ‘অ্যাড মানি’ করতে পারবেন।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে একই ব্যক্তি যদি নিজের নামের ব্যাংক কার্ড ও এমএফএস অ্যাকাউন্ট যুক্ত করেন, তাহলে টোকেন লেনদেনের প্রয়োজন হবে না। ফলে ব্যক্তিগত লেনদেন আরও সহজ হবে।
এছাড়া ‘অ্যাড মানি’ লেনদেনকে এখন থেকে মার্চেন্ট পেমেন্ট হিসেবে না দেখিয়ে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে শ্রেণিবদ্ধ করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর ব্যাংকের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিরাপত্তা ব্যবস্থা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএসে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু জালিয়াতি চক্র বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে একাধিক এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছে। এসব প্রতারণা ঠেকাতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।
তবে গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক লেনদেনে কোনো ধরনের সমস্যা থাকবে না বলেও জানানো হয়েছে।
আশা/
