নবম পে-স্কেল: বেতন কমিশনের সুপারিশ কী, সরকারের পরিকল্পনায় কী থাকছে
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা হয়েছিল। দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে জাতীয় বেতন কমিশনের পুরো সুপারিশ একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে-স্কেলের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে।
তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নবম পে-স্কেল একবারে নয়, বরং তিন ধাপে কার্যকর করা হবে।
প্রথম ধাপে (২০২৬-২৭ অর্থবছর) সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা নতুন নির্ধারিত মূল বেতনের (বেসিক) ৫০ শতাংশ সুবিধা পাবেন।
দ্বিতীয় ধাপে (২০২৭-২৮ অর্থবছর) বাকি ৫০ শতাংশ মূল বেতন কার্যকর হবে।
আর তৃতীয় ধাপে (২০২৮-২৯ অর্থবছর) সব ধরনের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় বেতন কমিশনের মূল হিসাব অনুযায়ী পুরো পে-স্কেল বাস্তবায়নে প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। তবে বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘভাতা সমন্বয়ের কারণে এই ব্যয় কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
কমিশনের সুপারিশে কতটা বেতন বাড়ার প্রস্তাব?
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।
কমিশনের প্রস্তাব অনুযায়ী:
* সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।* সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।* বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।* বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় গ্রেডে বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
একইভাবে ১০ম গ্রেডে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ রয়েছে।
কোন সুপারিশে কাটছাঁট হচ্ছে?
তবে কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নের পক্ষে নেই সরকার। পরে গঠিত সচিব কমিটি কমিশনের বেশ কিছু সুপারিশে কাটছাঁটের প্রস্তাব দিয়েছে।
বিশেষ করে কুক, মালি ও গাড়ি-সংক্রান্ত ভাতাসহ কিছু অতিরিক্ত সুবিধা সীমিত করার পক্ষে মত দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের কয়েকটি সুবিধা আগের মতো রাখার সুপারিশও এসেছে।
সূত্র জানায়, কমিশনের প্রস্তাব অনুযায়ী মোট বাস্তবায়ন ব্যয় প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ধরা হলেও সেটি কমিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার।
পেনশন ও ভাতায় কী পরিবর্তন আসতে পারে?
নতুন পে-স্কেলের পাশাপাশি পেনশন ও বিভিন্ন ভাতা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।
কমিশনের প্রস্তাব অনুযায়ী:
* ২০ হাজার টাকার কম পেনশনে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে।* ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশনে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।* ৪০ হাজার টাকার বেশি পেনশনে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সভিত্তিক হার নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সেখানে ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২ হাজার টাকা ভাতা, টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে কমিশন।
কেন পুরো সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না?
সরকারি সূত্র বলছে, রাজনৈতিক পটপরিবর্তন, অর্থনৈতিক চাপ এবং প্রশাসনিক পুনর্মূল্যায়নের কারণে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সামরিক ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশনের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। এই প্রতিবেদন তৈরির সময় অনলাইন জরিপের মাধ্যমে প্রায় ২ লাখ ৩৬ হাজার মানুষের মতামত নেওয়া হয়। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং মানুষের জীবনমান বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরি করেছে কমিশন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
- দেশের বাজারে আজকের ২১ ক্যারেট স্বর্ণের দাম
