দেশের প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে এ বিষয়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি এবং অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনমনে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে নিয়মিতভাবে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে।
এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় থাকে।
সোহাগ/
