সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
রাস্তার পাশে তাবু টানিয়ে ২০০ টাকার বিনিময়ে প্রশ্নবিদ্ধ কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম সড়কগুলো এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চুরি, ছিনতাই ও মাদকের পাশাপাশি এবার জনসমক্ষেই চলছে দেহ ব্যবসার মতো অনৈতিক কার্যক্রম। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বিজয় সরণির ফুটপাতে তাবু টানিয়ে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চালাচ্ছে একদল হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ।
বিজয় সরণি মেট্রো স্টেশন সংলগ্ন ফুটপাতে বিশেষ পলিথিন দিয়ে তাবু তৈরি করে দীর্ঘদিন ধরে এই চক্রটি সক্রিয় রয়েছে। পথচারীদের বিশেষ অঙ্গভঙ্গির মাধ্যমে প্রলুব্ধ করে তারা তাবুর ভেতরে নিয়ে যায়। বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় সামান্য অর্থ।
সরেজমিন চিত্র ও নিরাপত্তা নিশ্চিতের দাবি:
অনুসন্ধানে গ্রাহক সেজে তাদের সাথে কথা বলে জানা যায়, কোনো লুকোছাপা ছাড়াই তারা নিয়মিত এই কাজ চালিয়ে আসছে। প্রশাসনের ভয় আছে কি না—এমন প্রশ্নে এক হিজড়া সদস্য দম্ভোক্তি করে বলেন, "এখানে আমাদের কেউ কিছু বলবে না, সবকিছু আমাদের ম্যানেজ করা আছে।" এমনকি পুলিশের ঝামেলার হাত থেকে গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
পুলিশের ভূমিকা ও প্রশ্নবিদ্ধ অভিযান:
বিষয়টি নিয়ে তেজগাঁও থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। তবে গতকাল রাতেও সেখানে এমন তৎপরতা দেখা গেছে জানালে তিনি বলেন, "ওরা অস্থায়ীভাবে গভীর রাতে আসে এবং পুলিশ যাওয়ার আগেই সরে যায়।"
প্রশাসনের এমন বক্তব্যে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশ দাবি করছে নিয়মিত অভিযানের, অন্যদিকে চোখের সামনেই অবাধে চলছে এমন অসামাজিক কাজ। সাধারণ মানুষের দাবি, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধ নির্মূলে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সোহাগ/
