ঋতুপর্ণা-সাবিনার জোড়া হ্যাটট্রিকে ২২-০ গোলের বিশাল জয়!
ভুটান নারী ফুটবল লিগে পারো এফসি-র জয়রথ অপ্রতিরোধ্য। আজ তারা ২২-০ গোলের বিশাল ব্যবধানে ফুটসিলিং এফসি-কে হারিয়েছে। বাংলাদেশের নারী ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সাবিনা খাতুন এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
পারো এফসি-র ২২টি গোলের মধ্যে ১৯টি গোলই এসেছে বাংলাদেশের চার কৃতি ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়ার পা থেকে। একাই ৭ গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন সাবিনা। ঋতুপর্ণা করেছেন ৬টি, সুমাইয়া ৪টি এবং মনিকা ২টি গোল করেন। প্রথমার্ধেই ঋতুপর্ণাদের দল ১১-০ গোলে এগিয়ে ছিল।
গত ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের সুমাইয়া। এবারও সেই সম্মান বাংলাদেশেরই এক ফুটবলারের দখলে।
ম্যাচসেরা হয়ে সাবিনা খাতুন বলেন, "গোল করছি এবং দল জিতছে, খুব ভালো লাগছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।" এই লিগে সাবিনার গোল সংখ্যা এখন ২০-এর বেশি।
