OPPO Find X10-এর বিক্রির ওপর নির্ভর করছে লঞ্চ
OnePlus ভক্তদের জন্য নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চীনে উন্মোচনের পরও ভারতের বাজারে OnePlus 16 আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রযুক্তি বিষয়ক এক টিপস্টারের দাবি, ভারতে ফোনটি লঞ্চের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে OPPO Find X10-এর বিক্রির হিসাব পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অর্থাৎ ভারতে OPPO-র নতুন ফ্ল্যাগশিপ ফোনটি কেমন বিক্রি হচ্ছে, তার ওপর নির্ভর করতে পারে OnePlus 16-এর বাজারে আসার বিষয়টি।
Gadgetsdata নামের এক টিপস্টারের বরাতে এই তথ্য সামনে এসেছে। তাঁর দাবি, OnePlus 16 ভারতের বাজারের জন্য প্রস্তুত করা হলেও বাণিজ্যিকভাবে লঞ্চ করার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বিষয়ে OnePlus-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কেন OnePlus 16-এর ভারতীয় লঞ্চ নিয়ে অনিশ্চয়তা?
প্রতিবেদন অনুযায়ী, OnePlus ভারতের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ ফোনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করছে। এর অন্যতম কারণ হতে পারে একই মূল প্রতিষ্ঠানের অধীনে থাকা OPPO ও OnePlus-এর ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে সম্ভাব্য প্রতিযোগিতা।
OPPO Find X10 ভারতের বাজারে অক্টোবরে লঞ্চ হয়েছে। ফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে OnePlus 16 ভারতে এলে এর সম্ভাব্য দাম হতে পারে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপির মধ্যে।
দুটি ফোনের দাম কাছাকাছি হওয়ায় একই বাজারে নিজেদের ব্র্যান্ডের দুটি প্রিমিয়াম ফোনের বিক্রিতে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে OPPO Find X10-এর বিক্রির ওপর OnePlus 16-এর লঞ্চ নির্ভর করছে, এমন তথ্য এখনো কেবল টিপস্টারের দাবি। কোম্পানি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
চীনের বাইরে OnePlus-এর পরিকল্পনায় পরিবর্তন
গত জুলাইয়ে OnePlus জানায়, বৈশ্বিক কৌশল পরিবর্তনের অংশ হিসেবে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে নতুন পণ্য উন্মোচন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে OnePlus India জানিয়েছিল, ভারতের বাজারে তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
এরপর থেকেই বিভিন্ন প্রতিবেদনে আলোচনা শুরু হয়, OnePlus 16 হয়তো চীনের বাইরে সব বাজারে নাও আসতে পারে। বিশেষ করে ভারতের বাজারে প্রতিষ্ঠানটি ২৫ হাজার রুপির নিচের স্মার্টফোন বিভাগে বেশি গুরুত্ব দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এমন পরিস্থিতিতে OnePlus 16-এর পরিবর্তে OnePlus 16R-কে ভারতের বাজারে ফ্ল্যাগশিপ পোর্টফোলিওর শীর্ষে রাখার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। ফোনটি চীনের Ace 7 সিরিজের কোনো মডেলের পরিবর্তিত সংস্করণ হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এসব তথ্যও এখনো নিশ্চিত নয়।
OnePlus 16-এর সম্ভাব্য দাম কত?
OnePlus 16 চীনের বাজারে ৫ হাজার ৯৯৯ ইউয়ান প্রারম্ভিক দামে উন্মোচিত হয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৬ হাজার রুপি।
তবে ভারতে ফোনটি লঞ্চ হলে দাম আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন টিপস্টার Gadgetsdata। তাঁর অনুমান অনুযায়ী, দেশটিতে OnePlus 16-এর প্রাথমিক দাম ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপির মধ্যে থাকতে পারে।
এই দাম কার্যকর হলে ফোনটি সরাসরি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা করবে। তুলনায় OnePlus 15 ভারতে ৮৫ হাজার ৯৯৯ রুপি প্রারম্ভিক দামে লঞ্চ হয়েছিল।
OnePlus 16-এ থাকতে পারে ২০০MP ক্যামেরা ও ৯,০০০mAh ব্যাটারি
ফিচারের দিক থেকে OnePlus 16-এ বেশ কিছু উন্নত প্রযুক্তি থাকার কথা জানা গেছে। ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। সমর্থিত গেমে এটি সর্বোচ্চ ১৮৫ হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সুবিধা রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রেও থাকছে বড় পরিবর্তন। ফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা:
-
২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, সঙ্গে OIS সুবিধা।
-
৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৩ গুণ অপটিক্যাল জুমসহ।
-
৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা।
ব্যাটারির ক্ষেত্রেও ফোনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে ৯,০০০mAh ব্যাটারি। দ্রুত চার্জের জন্য ১০০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার কথা বলা হয়েছে।
OnePlus 16R নিয়েও রয়েছে আলোচনা
OnePlus 16 ভারতে লঞ্চ না হলে প্রতিষ্ঠানটি OnePlus 16R-কে সামনে আনতে পারে বলে প্রযুক্তি মহলে আলোচনা চলছে। গুঞ্জল অনুযায়ী, ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৭০ হাজার থেকে ৭৫ হাজার রুপির মধ্যে।
তবে OnePlus 16R-এর দাম, স্পেসিফিকেশন কিংবা লঞ্চের সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশে OnePlus 16 কবে আসবে?
ভারতের বাজারেই OnePlus 16-এর লঞ্চ এখনো নিশ্চিত নয়। ফলে বাংলাদেশে ফোনটি কবে আসবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফোনটি বিক্রি হবে কি না, সেটিও নিশ্চিত নয়।
সব মিলিয়ে OnePlus 16-এর ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে OPPO Find X10-এর বিক্রি এবং একই প্রতিষ্ঠানের দুটি প্রিমিয়াম ব্র্যান্ডের বাজার কৌশল নতুন ফোনটির ভারতীয় লঞ্চে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে OnePlus-এর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফোনটি ভারতে কিংবা বাংলাদেশে আসছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আশা/
