পে স্কেলসহ প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, বাস্তবায়নের সময়সীমা ১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি আগামী ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। একই সঙ্গে দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান লিখিত বক্তব্যে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরেন।
প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি কী?
শিক্ষক নেতাদের উত্থাপিত তিন দফা দাবি হলো—
১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা।
২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশ শিক্ষকরা
লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর ২০২৫ সালের ১০ নভেম্বর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তবে তাঁর অভিযোগ, প্রায় এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকরা হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সরকারের কর্মপরিকল্পনায় শিক্ষকদের সুবিধা বাড়ানোর দাবি
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। কিন্তু এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষকরা উদ্বিগ্ন।
মাহবুবুর রহমান বলেন, ভবিষ্যতের আদর্শ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাও প্রয়োজন।
নতুন বছরের বই বিতরণের আগেই দাবি বাস্তবায়নের আহ্বান
শিক্ষক নেতারা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে শিক্ষকদের দীর্ঘদিনের অসন্তোষ কমবে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সোহাগ/
