| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১,৮৩৭ টাকার গ্যাস সিলিন্ডার ২,৩০০ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৪ ২০:০৮:১০
১,৮৩৭ টাকার গ্যাস সিলিন্ডার ২,৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। অথচ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা, কোথাও দিতে হচ্ছে আরও বেশি। বাড়তি দাম দিয়েও অনেক ক্ষেত্রে মিলছে না গ্যাসের সিলিন্ডার। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাধারণ পরিবার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির ১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কয়েক দিন ধরে সরবরাহ কম থাকায় অনেক দোকান ও ডিলারের কাছে পর্যাপ্ত সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে রান্নার গ্যাস সংগ্রহ করতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে ক্রেতাদের।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। কিন্তু রূপগঞ্জের স্থানীয় বাজারে সেটি বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।

অর্থাৎ, নির্ধারিত দামের তুলনায় ক্রেতাদের অতিরিক্ত ৩৬৩ থেকে ৪৬৩ টাকা দিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে আরও বেশি দাম চাওয়ার অভিযোগও রয়েছে। তবে বাড়তি টাকা দিয়েও সব সময় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

ডিলারদের দাবি, কোম্পানিগুলো থেকে চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। সীমিত পরিমাণে সিলিন্ডার আসায় অল্প সময়ের মধ্যেই মজুত শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে, সরবরাহ সংকটের সুযোগ নিয়ে কিছু খুচরা বিক্রেতা বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

এলপিজি সিলিন্ডারের সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রান্নার কাজে সিলিন্ডারনির্ভর পরিবারগুলো। বিশেষ করে ফ্ল্যাটবাড়িতে বসবাসকারীদের বিকল্প ব্যবস্থায় রান্না করার সুযোগ সীমিত। ফলে বাড়তি দাম দিয়েই গ্যাস কিনতে হচ্ছে অনেককে।

রূপগঞ্জের মাসাব এলাকার গৃহিণী শাহানাজ বেগম জাগো নিউজকে বলেন, সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যায় না। ফ্ল্যাট বাসায় লাকড়ি বা খড় দিয়ে রান্না করার সুযোগও নেই। তাই বেশি দামেই গ্যাস কিনতে হচ্ছে। তাঁর ভাষ্য, স্বামীর সীমিত আয়ে সংসার চালাতে হয়; এভাবে খরচ বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

আরেক গৃহিণী শামীমা বেগম জানান, ১২ কেজির একটি সিলিন্ডার তাঁকে ২ হাজার ৩০০ টাকায় কিনতে হয়েছে। কয়েকটি দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাওয়া কঠিন ছিল বলে অভিযোগ করেন তিনি।

এলপিজির বাড়তি দামের প্রভাব পড়েছে ছোট ব্যবসায়ীদের ওপরও। চা দোকানি সেলিম মিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে ৪৬৩ টাকা বেশি দিয়ে তাঁকে সিলিন্ডার কিনতে হচ্ছে। কিন্তু গ্যাসের খরচ বাড়লেও দোকানের পণ্যের দাম বাড়াতে পারছেন না। দাম বাড়ালে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাড়তি খরচ নিজের আয় থেকেই সামলাতে হচ্ছে তাঁকে।

এদিকে খুচরা বিক্রেতা সজীব আহম্মেদের দাবি, তাঁরা পাইকারি পর্যায়েই ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় সিলিন্ডার কিনছেন। এর সঙ্গে পরিবহন খরচ যোগ হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাঁর অভিযোগ, কোনো কোনো ডিলার বেশি দাম নিলেও রসিদ দিতে চান না।

ফ্রেশ গ্যাসের ডিলার সালমান এন্টারপ্রাইজের মালিক সালমান বলেন, বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী পণ্য পাওয়া যাচ্ছে না। তাঁর দাবি, তাঁরা সিলিন্ডারপ্রতি ৫০ টাকা লাভে বিক্রি করেন। তবে কিছু খুচরা বিক্রেতা প্রতি সিলিন্ডারে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লাভ করছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, তীর বেঙ্গলের ডিলার শুভ্র গ্যাসের ম্যানেজার শহিদ মিয়া জানান, গত মাসের ১১ তারিখে কিছু সিলিন্ডার পেয়েছিলেন। চলতি মাসের ১ তারিখে আবার কিছু সরবরাহ এলেও এরপর আর পণ্য পাননি বলে তাঁর দাবি।

তিনি বলেন, তাঁরা সিলিন্ডার ১ হাজার ৭৩৭ টাকায় কেনেন। পরিবহন খরচসহ সর্বশেষ ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করেছেন। খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে বেশি দামে বিক্রির অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁরা ১ হাজার ৯৫০ টাকার বেশি নেন না। তবে অন্য কোনো ডিলার বেশি দাম নিচ্ছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি।

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান। তাঁর ভাষ্য, কোথাও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

তবে বাজারে সরবরাহ সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং রসিদ না দেওয়ার অভিযোগের বিষয়ে কার্যকর তদারকি কতটা হচ্ছে, তা নিয়ে ভোক্তাদের উদ্বেগ রয়েছে।

রূপগঞ্জের বর্তমান পরিস্থিতিতে একদিকে সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, অন্যদিকে সরকার নির্ধারিত দাম কার্যকর রাখা জরুরি হয়ে উঠেছে। তা না হলে রান্নার গ্যাসের বাড়তি খরচে সাধারণ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগান্তি আরও বাড়তে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...