অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ লঘুচাপ নিয়ে নতুন পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে মাসজুড়ে বৃষ্টিপাত, তাপমাত্রা ও নদ-নদীর পরিস্থিতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।
অক্টোবরে কম বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ সময় তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। ফলে ধীরে ধীরে বর্ষার প্রভাব কমে আসবে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাস
অক্টোবরের দ্বিতীয়ার্ধে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে পুরো মাসে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাড়তে পারে নদীর পানি
অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি দ্রুত বাড়তে পারে।
এর ফলে এসব অঞ্চলের কিছু নদীতে পানি সমতল সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো মাসের জন্য বড় ধরনের নদী পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়নি।
সব মিলিয়ে, অক্টোবর মাসে বৃষ্টিপাত তুলনামূলক কম থাকার সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের সৃষ্টি এবং এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আশা/
