বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বিক্রি করা যাবে না।
বৃহস্পতিবার লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের সব পর্যায়ে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এর আগে ২৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বাজারে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রির তথ্যও উঠে আসে।
লোয়াব জানিয়েছে, সম্প্রতি জ্বালানি মন্ত্রীর সঙ্গে সংগঠনটির বৈঠকে দেশে এলপিজির মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সংগঠনটির দাবি, গত মাসে দেশে দেড় লাখ টনের বেশি এলপিজি আমদানি হয়েছে। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।
সংগঠনটি আরও জানিয়েছে, কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিলে বা অবৈধভাবে মজুত করলে তা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিংয়ে নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছে লোয়াব।
সিদ্দিকা/
