পটুয়াখালীর ডিসি বদলি নিয়ে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। ২৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একই সঙ্গে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুরেও নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
ডিসির বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে দেখছে প্রশাসন। তবে পটুয়াখালীতে একটি পিয়ন নিয়োগকে কেন্দ্র করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে ডিসির বিরোধের অভিযোগ উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সন্দেহ করা হয়। প্রশ্নের উত্তর দিতে না পারায় তার লিখিত পরীক্ষার খাতা ও হাতের লেখার সঙ্গে মিল যাচাই করা হলে অসঙ্গতি ধরা পড়ে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই প্রার্থীর বিরুদ্ধে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং মামলা করা হয়। মামলার এজাহার অনুযায়ী, প্রার্থীর পরিবর্তে অন্য একজন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মচারীর দাবি, ওই প্রার্থীকে নিয়োগ দিতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর তদবির করেছিলেন। তবে প্রতিমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।
নুরুল হক নুরের দাবি, ডিসির আচরণগত সমস্যা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। তিনি বলেন, পিয়ন নিয়োগে তদবিরের অভিযোগ সঠিক নয়।
অন্যদিকে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, ডিসির বদলি প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ। এ বদলির সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো সম্পৃক্ততা আছে কি না, তা তার জানা নেই।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালীর নতুন ডিসি হিসেবে অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে। আর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
সোহাগ/
