একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হয়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১ অক্টোবর রাত ৮টা থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে চূড়ান্ত ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
ফল দেখবেন যেভাবে
একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে যেতে হবে। এরপর রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর ‘View Result’-এ ক্লিক করলেই নির্বাচিত কলেজের তথ্য দেখা যাবে।
এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে নির্বাচনের তথ্য জানানো হতে পারে। তাই ফল প্রকাশের পর মোবাইলের ইনবক্সও নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
আশা/
