নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর গেজেট প্রকাশ করা হবে। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী এগোলে অক্টোবর থেকেই নতুন বেতন কাঠামোয় বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।
জুলাই থেকে কার্যকর, অক্টোবর থেকে নতুন বেতনে?
এর আগে আগস্টের মধ্যেই পে-স্কেলের গেজেট প্রকাশের আলোচনা থাকলেও বিভিন্ন বিষয়ে পর্যালোচনার কারণে সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে। এখন অবশিষ্ট বিষয়গুলো দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হবে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া হিসেবে সমন্বয় করা হতে পারে। তবে অক্টোবর থেকে নতুন কাঠামোয় নিয়মিত বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতির চাপ এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমবে।
প্রয়োজনে ঋণ নেওয়ার পরিকল্পনা
সম্প্রতি পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
নতুন পে-স্কেলের অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।
চূড়ান্ত পর্যায়ে সচিব কমিটির কাজ
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে।
ওই বৈঠকে অবশিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি করে সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে যেসব জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের তাগিদও দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
অর্থমন্ত্রীর বক্তব্যেও মিলেছে ইঙ্গিত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগেই জানিয়েছেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে এবং চলতি অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
তবে দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে এখন সরকারি চাকরিজীবীদের নজর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে। ওই সময়ের মধ্যে মন্ত্রিসভার অনুমোদন ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে গেজেট প্রকাশ করা সম্ভব হলে অক্টোবর থেকেই নতুন কাঠামোয় বেতন পাওয়ার পথ খুলবে। আর জুলাই থেকে কার্যকর ধরা হলে আগের তিন মাসের বকেয়া বেতন-ভাতাও পরবর্তী সময়ে সমন্বয় করা হতে পারে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
