বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সফরের সম্ভাবনা দিন দিন আরও জোরালো হচ্ছে। ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামসহ কয়েকটি ভেন্যু ও হোটেল পরিদর্শনের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
রোববার ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনাসহ কয়েকটি ভেন্যু ও হোটেল ঘুরে দেখে। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠকে মাঠের অবস্থা, অবকাঠামো, নিরাপত্তা এবং জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় উঠে এসেছে, ব্রাজিল সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে। পাশাপাশি ভারতের বিপক্ষে ৩ অক্টোবরের ম্যাচের আগে ঢাকায় এসে অনুশীলন করার সম্ভাবনাও রয়েছে।
এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, “উত্তর হলো হ্যাঁ। আমরা সবগুলো সম্ভাবনা নিয়েই আলোচনা করেছি।”
তবে এখনই ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। বাফুফে জানিয়েছে, ঢাকায় পরিদর্শন শেষে ব্রাজিলের প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ চলতি সপ্তাহেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বোর্ডের কাছে জমা দেবে। এরপর এ নিয়ে বাফুফের সঙ্গে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ভেন্যু ও অবকাঠামো পরিদর্শনের পর ব্রাজিলের প্রতিনিধি দল সেগুলোকে “গ্রহণযোগ্য” বলে মনে করেছে। তবে জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বের হওয়ার গেটে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতির সুপারিশ করেছে তারা।
বাফুফের দাবি, প্রতিনিধি দলের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।
এদিকে সেপ্টেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচি রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে প্রথম ফিফা আসিয়ান কাপ। ওই টুর্নামেন্টেও অংশ নেবে বাংলাদেশ।
সব মিলিয়ে ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে সম্ভাবনা তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
আয়শা/
