ভারতকে ৪ শর্ত দিয়েছে ঢাকা!
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নয়াদিল্লির কাছে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত ও প্রত্যাশার কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দেশে ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর।
দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহিদুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে যোগাযোগ করে আসছেন। তবে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনের কারণে এই প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে দ্রুত শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ ওসমান হাদির হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি এবং প্রত্যর্পণের বিষয়টি সামনে আসায় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোহাগ/
