ঢাকায় আজ কখন হবে বৃষ্টি? জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (১০ আগস্ট) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। ফলে বৃষ্টি না হওয়া পর্যন্ত রাজধানীতে ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে।
এর আগে রোববার (৯ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।
সিদ্দিকা/
