৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটাতে ফাইনালে নামছে আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু আরেকটি শিরোপা জয়ের লড়াই নয়, আর্জেন্টিনার সামনে এটি ইতিহাস গড়ারও সুবর্ণ সুযোগ। স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ৬৪ বছর ধরে অক্ষত থাকা এক বিরল রেকর্ডও নিজেদের করে নেবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জয়ের পর থেকেই আলোচনায় এসেছে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লেখার সম্ভাবনা। ফাইনালে জয় পেলে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল শিরোপা ধরে রাখতে পেরেছে। প্রথমে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে একই কীর্তি গড়ে। এরপর কেটে গেছে ছয় দশকেরও বেশি সময়, কিন্তু আর কোনো দল টানা দুই বিশ্বকাপ জিততে পারেনি।
এই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে কয়েকটি দল। ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে পশ্চিম জার্মানির কাছে হেরে শিরোপা ধরে রাখা হয়নি। একইভাবে ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ সালে ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হয়।
সবশেষে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও ২০২২ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে পৌঁছেছিল। কিন্তু রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়।
বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনাও রয়েছে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন পরের আসরে বড় ধাক্কা খেয়েছে। ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ইতালি ১৯৫০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। একইভাবে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে।
এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এসেছে আর্জেন্টিনার সামনে। স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে শুধু আরেকটি বিশ্বকাপ ট্রফিই নয়, ৬৪ বছর ধরে অক্ষত থাকা টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তিও নিজেদের করে নেবে আলবিসেলেস্তেরা। বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব।
সোহাগ/
