আগস্টে মিলছে দুই দফায় টানা চার দিনের ছুটি, সুখবর চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও, ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।
এ ছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। সেক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
যেসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা মাত্র এক দিনের ছুটি নিয়েই আগস্ট মাসে দুই দফায় চার দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।
আগাম পরিকল্পনা করলে এই ছুটিগুলো পারিবারিক ভ্রমণ, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্যও কাজে লাগানো যেতে পারে।
সোহাগ/
