ইয়ামালকে নিয়ে যা বললেন স্কালোনি
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার নাম লামিনে ইয়ামাল। স্পেনের এই তরুণ তারকা পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বিপাকে ফেলেছেন। তাই ফাইনালের আগে তাকে থামানোই হবে আলবিসেলেস্তেদের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে স্কালোনি বলেন, ‘ওকে কীভাবে থামাব? যদি পারতাম, তাহলে ওকে তার ঘরেই আটকে রাখতাম।’
যদিও এটি ছিল রসিকতা, এরপরই স্পেনের তরুণ উইঙ্গারের প্রতি নিজের প্রশংসা উজাড় করে দেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে সত্যিই একটি বড় সম্পদ। এখনও সে খুবই তরুণ, অথচ ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে ফুটবলকে আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা তার রয়েছে।’
বার্সেলোনার এই উইঙ্গার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তবে বিশ্বকাপে ফিরে প্রতিটি ম্যাচের সঙ্গে নিজের ছন্দ আরও উঁচুতে নিয়ে গেছেন। শুরুতে পুরোপুরি ফিট না থাকলেও এখন তাকে দেখা যাচ্ছে দুর্দান্ত আত্মবিশ্বাসী ও ক্ষুরধার রূপে।
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের গতি, ড্রিবলিং ও বুদ্ধিদীপ্ত মুভমেন্ট স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করে। তার তৈরি করা চাপ থেকেই স্পেন পেনাল্টি আদায় করে নেয় এবং ম্যাচে গুরুত্বপূর্ণ লিড পায়। পুরো ম্যাচেই তিনি ছিলেন ফরাসি রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় আতঙ্ক।
ফাইনালে তাই ইয়ামালকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। কারণ স্পেনের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্রকে থামাতে না পারলে শিরোপার লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে আলবিসেলেস্তেদের জন্য।
সোহাগ/
