গরম কমবে কবে; সুখবর দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে অস্বস্তিকর। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হলেও এবার স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টি বাড়তে পারে, আর তাতেই ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩ থেকে ৬ জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে। এর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরম থেকে কিছুটা স্বস্তি এনে দেবে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে, যা বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়াতে ভূমিকা রাখবে।
বুধবার সন্ধ্যা থেকে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
শনিবার ও রোববার দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, এই সময় দেশের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে।
তবে বৃষ্টি বাড়লেও দেশের কয়েকটি এলাকায় এখনো মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা এখনো অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, আগামী পাঁচ দিনজুড়েই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। ফলে ধীরে ধীরে গরমের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
আশা/
