মোটরসাইকেল-অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহার ও সাধারণ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই দুই ধরনের যানবাহনের ওপর আপাতত কোনো নতুন কর আরোপ করা হচ্ছে না।
সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ১২ মে বিভিন্ন গণমাধ্যমে মোটরসাইকেলে নতুন কর আরোপের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। মোটরসাইকেল চালকরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
চালকদের দাবি ছিল, বাংলাদেশে মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয়, বরং দৈনন্দিন যাতায়াত, জীবিকা ও সময় বাঁচানোর গুরুত্বপূর্ণ মাধ্যম। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং রাইড শেয়ার চালকরা প্রতিদিন মোটরসাইকেলের ওপর নির্ভরশীল। পাশাপাশি নারীদের নিরাপদ ও স্বতন্ত্র চলাচলেও মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে।
তাদের যুক্তি ছিল, মোটরসাইকেল ব্যবহারকারীরা ইতোমধ্যে নিবন্ধন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা এবং জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধ করছেন। এর সঙ্গে নতুন করে অগ্রিম আয়কর আরোপ করলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।
এনবিআর সূত্র জানায়, প্রস্তাবটি বাস্তবায়ন হলে মোটরসাইকেল ও অটোরিকশা খাত থেকে বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা অগ্রিম আয়কর আদায়ের সম্ভাবনা ছিল। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারকে অবহিত করেছিলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রাথমিকভাবে এ প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে।
তবে জনভোগান্তির বিষয় বিবেচনায় প্রথমে করের হার কমানোর আলোচনা হয়, পরে পুরো পরিকল্পনাই বাতিলের সিদ্ধান্ত আসে। যদিও ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের মালিকদের জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বহাল থাকছে।
সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা ছিল।
প্রস্তাব অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসিতে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে বছরে ১০ হাজার টাকা কর নির্ধারণের কথা ছিল। পরে তা কমিয়ে যথাক্রমে ১ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকায় আনার চিন্তাও করা হয়।
বর্তমানে দেশে ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি ৯ হাজার ২৯১ টাকা। প্রতি দুই বছর পর ১ হাজার ১৫০ টাকা রোড ট্যাক্স দিতে হয়। ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ১১ হাজার ৭৬৪ টাকা এবং দুই বছর পরপর ২ হাজার ৩০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। খাতসংশ্লিষ্টদের মতে, নতুন কর আরোপ করা হলে মোটরসাইকেল শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও বিক্রি নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারত।
অন্যদিকে, ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা ছিল। প্রস্তাবে সিটি করপোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা, পৌরসভায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণের কথা ছিল। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সরকার।
খাতসংশ্লিষ্টদের দাবি, দেশে বর্তমানে অন্তত ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে প্রায় ১২ থেকে ১৫ লাখ অটোরিকশা।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- ৬০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের মহারণ—সরাসরি দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- শুরু হলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ প্রকাশ; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম স্পেন; শেষ ৩ দেখায় কার পাল্লা ভারী!
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
