বাংলাদেশে কি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় নেই। বিশ্বজুড়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসর ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে বাংলাদেশে এখনও বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারস্বত্ব চূড়ান্ত না হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবার টিভির পর্দায় বিশ্বকাপ দেখা যাবে না?
তবে সম্প্রচার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, এমন শঙ্কার বাস্তবতা খুব কম। তাদের দাবি, বাংলাদেশে পুরোপুরি ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বড় দর্শকগোষ্ঠী ও বিপুল জনপ্রিয়তার বাজার হিসেবে বাংলাদেশকে উপেক্ষা করা ফিফার জন্যও সহজ হবে না।
এই অনিশ্চয়তার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে দেশের প্রথম বেসরকারি ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস। বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনার বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে এখনও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে শেষ মুহূর্তে দেশীয় কোনো টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের সম্ভাবনা জোরালো বলেই মনে করা হচ্ছে।
এদিকে অভিযোগ উঠেছে, একটি বিশেষ সিন্ডিকেট নিজেদের ব্যবসায়িক স্বার্থে ‘বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে’ এমন আতঙ্ক ছড়িয়ে সরকারি পর্যায়ে চাপ তৈরির চেষ্টা করছে। তবে ক্রীড়া ও সম্প্রচার বিশ্লেষকদের ভাষ্য, এই ভীতি মূলত অতিরঞ্জিত।
বিশ্লেষকদের মতে, অতীতে ইরান বা উত্তর কোরিয়ার মতো কিছু দেশে বিশ্বকাপ সম্প্রচারে সীমাবদ্ধতা দেখা গেলেও, সেগুলো ছিল সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ফল। বাংলাদেশের মতো বিশাল ফুটবল বাজারে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম।
ফিফা যে সম্প্রচারস্বত্বের ক্ষেত্রে নমনীয় অবস্থান নিতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ হিসেবে চীনের প্রসঙ্গ টানা হচ্ছে। জানা গেছে, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) কাছে ২০৩১ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বিক্রির ক্ষেত্রে শুরুতে ৩০০ মিলিয়ন ডলার দাবি করলেও শেষ পর্যন্ত প্রায় ৬০ মিলিয়ন ডলারে চুক্তিতে রাজি হয় ফিফা।
বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের পার্থক্য এবং বাজার বাস্তবতা বিবেচনায় ফিফা এই ছাড় দিয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতের সম্প্রচারস্বত্বও এখনও চূড়ান্ত হয়নি, যা থেকে ধারণা করা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত দরকষাকষি চলতেই পারে।
তবে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে মূল জটিলতা তৈরি হয়েছে স্বত্বের মূল্য নিয়ে। বাজার বিশ্লেষকদের মতে, দেশের বিজ্ঞাপন বাজার ও সম্ভাব্য আয় বিবেচনায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্বের যৌক্তিক মূল্য হওয়া উচিত ৪০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে। কয়েকটি দেশীয় প্রতিষ্ঠানও এই অঙ্কে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল।
জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের প্রাথমিক স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান ‘স্প্রিংবক’। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি অতিরিক্ত মুনাফার আশায় প্রায় ৭.২ মিলিয়ন ডলারে স্বত্ব কিনে তা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে প্রায় ১০ মিলিয়ন ডলারে বিক্রির প্রস্তাব দেয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকার সমান।
শুধু টেলিভিশন নয়, স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও অতিরিক্ত আয় করার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ রয়েছে। আকাশচুম্বী এই মূল্য নির্ধারণের কারণেই বিটিভি এবার সম্প্রচারস্বত্ব কেনা থেকে সরে এসেছে বলে জানা গেছে।
এদিকে নির্ধারিত সময়ে ফিফাকে ৬০ শতাংশ অগ্রিম অর্থ পরিশোধ করতেও ব্যর্থ হয়েছে স্প্রিংবক। অনুসন্ধানে আরও জানা যায়, কাতার বিশ্বকাপের সময়ও একই ধরনের একটি সিন্ডিকেট সক্রিয় ছিল। সে সময় ‘টেরিস্ট্রিয়াল সম্প্রচারের জন্য আলাদা অনুমতি প্রয়োজন’ এমন তথ্য দিয়ে বিটিভিকে বড় অঙ্কের খরচে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অতীতে বাজারমূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর কারণে ফিফার কাছে বাংলাদেশের সম্প্রচার বাজার নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। যার প্রভাব এবারও বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নির্ধারণে পড়ছে।
এদিকে স্থানীয় প্রতিনিধি ফাহাদ করিম, সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবল কর্মকর্তা আবু নাঈম সোহাগ এবং আতাউল ইসলাম মানিকের নামও এই আলোচনায় উঠে এসেছে। যদিও এসব অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের বক্তব্য এখনও স্পষ্ট নয়।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা নিশ্চিত করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে কাতার বিশ্বকাপের সময়কার আর্থিক লেনদেন নিয়েও স্বাধীন তদন্তের দাবি উঠছে।
সব মিলিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বরং শেষ মুহূর্তে কোনো বেসরকারি টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই দেশের দর্শকরা প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন, এমন সম্ভাবনাই এখন বেশি জোরালো।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে পে-স্কেল কার্যকরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- আজকের সোনার বাজারদর: ১৭ মে ২০২৬
- আজকের সোনার বাজারদর: ১৬ মে ২০২৬
- নবম পে-স্কেল যেভাবে বাস্তবায়ন হতে পারে, সম্ভাব্য পরিকল্পনা
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আভাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ মে ২০২৬
- ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
- সন্ধ্যায় ঈদুল আজহার চাঁদ দেখা যেতে পারে
- আবারও বাড়লো পেঁয়াজের দাম
- রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়
- সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো দুই দেশ
- অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে; জেনে নিন ৬ সমাধান
- প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে কঠোর নির্দেশনা
- ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা
