১৮ দিনের ব্যাবধানে এলপি গ্যাসের দামে বড় লাফ; সিলিন্ডার কত হল
নিজস্ব প্রতিবেদক: দেশে এলপিজি গ্যাসের দামে আবারও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। জাহাজ ভাড়া বৃদ্ধি ও ডিজেলের দাম বাড়ার অজুহাতে মাসের মাঝপথেই গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক মাসেই ৫৯৯ টাকা বৃদ্ধি
আশ্চর্যের বিষয় হলো, চলতি এপ্রিল মাসেই দুই দফায় বাড়ল এলপিজির দাম। গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৩৮৭ টাকা। মাত্র ১৮ দিনের ব্যবধানে আজ রোববার (১৯ এপ্রিল) আরও ২১২ টাকা বাড়ানো হলো। অর্থাৎ এক মাসের ব্যবধানে ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত ৫৯৯ টাকা খরচ করতে হবে।
বাজারের বাস্তব চিত্র ও ভোগান্তি
সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে এই দরে গ্যাস মিলছে না। খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা আদায় করছেন। অনেক এলাকায় বাড়তি টাকা দিয়েও চাহিদামতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে।
অভিযান ও কড়া হুঁশিয়ারি
এদিকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তারা বলছে, কোম্পানিগুলো নির্ধারিত দামেই গ্যাস সরবরাহ করছে, কিন্তু একটি চক্র খুচরা পর্যায়ে বেশি দাম নিচ্ছে। এই অনিয়ম ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের কঠোর ব্যবস্থা নিতে এবং বাজার অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিদ্দিকা/
