শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিলেন নতুন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের শতভাগ করার বিষয়টি বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা পান মাত্র ২৫ থেকে ৫০ শতাংশ। এই আর্থিক বৈষম্য দূর করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান সরকারের এই মেয়াদেই শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। শিক্ষকদের আর্থিক মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে নতুন এমপিওভুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, নির্বাচনের আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল, সেগুলো পুনরায় কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা ঘুস লেনদেনের অভিযোগ থাকলে তা বরদাশত করা হবে না। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি আবেদন গভীরভাবে খতিয়ে দেখার জন্য।
যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে এবং তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আশা/
