এ মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে বর্ধিত বেতন পাওয়ার বিষয়টি বেতন নির্ধারণের কাজ শেষ হওয়া এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে। অন্যদিকে, আপাতত আগের হারেই বহাল থাকছে বিভিন্ন ভাতা।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগের ওয়েবসাইটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬–সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রচলিত হারে ভাতা দেওয়া হবে।
নতুন বেতনে কত টাকা বাড়বে?
নতুন জাতীয় বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে সবার বেতন সমান হারে বাড়বে না। গ্রেড, বর্তমান মূল বেতন ও নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের ওপর বাড়তি অর্থের পরিমাণ নির্ভর করবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই পার্থক্যের ৭০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।
পে ফিক্সেশনের কাজ চলছে
নতুন বেতন নির্ধারণের জন্য সরকারি কর্মচারীরা আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এ কার্যক্রম ২০ অক্টোবরের মধ্যে শেষ করার কথা।
বেতন নির্ধারণ ও প্রক্রিয়াগত কাজ সময়মতো সম্পন্ন হলে চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ এবং প্রযোজ্য বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার কত টাকা বাড়বে, তা ব্যক্তির গ্রেড, বেতন ও কার্যকর তারিখ অনুযায়ী হিসাব করা হবে।
তাই সরকারি চাকরিজীবীদের বেতন স্লিপ ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা দেখে নিজের বেতন এবং বকেয়ার পরিমাণ নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আশা/
