| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বেদখল হওয়া সরকারি ভূমি উদ্ধারে নির্দেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৭ ১৯:২১:৫৮
বেদখল হওয়া সরকারি ভূমি উদ্ধারে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সরকারের দখলে থাকার কথা থাকলেও যেসব জমি অবৈধভাবে বেদখল হয়ে আছে, সেগুলো উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে অবৈধ দখল উচ্ছেদ, অব্যবহৃত সরকারি জমির তথ্য সংগ্রহ এবং পরিত্যক্ত সম্পত্তির ডেটাবেজ ও সম্পদ নিবন্ধন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি জমির নামজারি ও রেকর্ড হালনাগাদ, উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি দ্রুত সম্পন্ন করা এবং অডিট আপত্তি নিষ্পত্তির বিষয়েও সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অব্যবহৃত ও বেদখল হওয়া জমি উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সরকারি জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রণালয়ের আওতাধীন অব্যবহৃত জমির বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে তৈরি করে পরবর্তী সমন্বয় সভায় জমা দিতে হবে। পাশাপাশি অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সরকারি সম্পত্তির সঠিক হিসাব সংরক্ষণ এবং জমির ব্যবস্থাপনা আরও কার্যকর করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ডেটাবেজ এবং অ্যাসেট রেজিস্টার বা সম্পদ নিবন্ধন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অধিশাখার তত্ত্বাবধানে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড ও গণপূর্ত অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

এ জন্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখার উদ্যোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভা আয়োজনের সিদ্ধান্তও হয়েছে। পাশাপাশি নিষ্কণ্টক জমির গেজেট প্রকাশের বিষয়েও আলোচনা করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মালিকানাধীন জমির নামজারি এবং রেকর্ড দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগের মাসে কতটুকু জমির নামজারি ও রেকর্ড সম্পন্ন হয়েছে, তা নির্ধারিত ছকে উল্লেখ করে প্রতিবেদন জমা দিতে হবে। এর মাধ্যমে সরকারি জমির মালিকানা-সংক্রান্ত নথি ও রেকর্ডের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করা এবং বাস্তবায়নের গতি বাড়াতে দপ্তর ও সংস্থাপ্রধানদের নিয়মিত মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের পর প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিবেদনটির একটি অনুলিপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্য পদ পূরণের বিষয়েও আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শূন্য পদে নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।

কোন দপ্তর বা সংস্থা কতটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে তথ্য পরবর্তী সমন্বয় সভায় উপস্থাপন করতে হবে। এর মাধ্যমে জনবলসংকট মোকাবিলা এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।

অডিট আপত্তি কমানো ও নিষ্পত্তির জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ২০ শতাংশ অডিট আপত্তি নিষ্পত্তির কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থা থেকে পাওয়া জবাব সন্তোষজনক হলে তা সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অডিট-সংক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং আপত্তি নিষ্পত্তিতে আগামী তিন মাসে কমপক্ষে নয়টি ত্রিপক্ষীয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ ও ২০২৫ সালে উত্থাপিত অডিট আপত্তি এবং ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত উত্থাপিত আপত্তির তথ্যও পরবর্তী পর্যালোচনায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন প্রক্রিয়া শতভাগ অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে নকশা অনুমোদন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি মাসের সমন্বয় সভায় কতটি আবেদন জমা পড়েছে এবং কতটি আবেদন নিষ্পত্তি হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণক উপস্থাপন করতে হবে।

এ ছাড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার ওয়েবপোর্টাল নিয়মিত হালনাগাদ এবং পর্যায়ক্রমে সব সেবা ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন সরকারি ক্রয় বিধিমালা—পিপিআর, ২০২৫ যথাযথভাবে অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে বিধিমালা মেনে ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দাপ্তরিক কাজ ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব শাখা এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাকে কমপক্ষে ৮০ শতাংশ ডাক ডি-নথির মাধ্যমে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এ কার্যক্রমের অগ্রগতি বাড়াতে শাখা কর্মকর্তাদের বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন বিভাগীয় মামলাগুলো নিষ্পত্তির জন্যও কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দাপ্তরিক কাজে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ওপরও গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে গত তিন মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ইউনিটসহ প্রতিবেদন আকারে পরবর্তী সমন্বয় সভায় উপস্থাপন করতে হবে।

সাধারণ শৌচাগার, সম্মেলনকক্ষ ও অন্যান্য স্থানে ফ্যান, বাতি এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দাপ্তরিক কাজে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষকে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দিতে হবে।

সভায় সচিব মো. ওবায়দুর রহমান সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...