কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৬ পর্যটকের
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রিসোর্টে আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে রিসোর্টটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের পর সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়। ভবনের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে নিহতদের পরিচয় এবং রিসোর্টে আগুন লাগার সময় মোট কতজন পর্যটক অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর উদ্ধার অভিযান চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং এত বড় ক্ষয়ক্ষতি কেন ঘটল, তা তদন্তের পর জানা যেতে পারে। এ ঘটনায় হতাহতের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সোহাগ/
