শীত আসছে কবে; যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: দেশে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষার প্রভাব। কমছে বৃষ্টির প্রবণতা, আর উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে পুরোপুরি শীতের আমেজ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকাসহ দেশের অনেক এলাকায় শীতের আমেজ আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে শীত।
শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের মতে, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতি এক রকম হবে না। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। তবে ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে তুলনামূলক আগে শীতের অনুভূতি বাড়তে পারে।
গত চার থেকে পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এবার ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে।
তার পূর্বাভাস অনুযায়ী, শীতের সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত তাপমাত্রা আবহাওয়ার পরিস্থিতি ও সময়ের ওপর নির্ভর করবে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।
আবহাওয়াবিদদের বক্তব্য অনুযায়ী, এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে। তবে শীত কতটা তীব্র হবে, তা নির্ভর করবে মৌসুমি আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা এবং অন্যান্য জলবায়ুগত পরিস্থিতির ওপর।
সব মিলিয়ে, অক্টোবরের শেষ ভাগ থেকেই আবহাওয়ায় পরিবর্তন টের পাওয়া যেতে পারে। নভেম্বরের মাঝামাঝি থেকে হালকা শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা থাকলেও ডিসেম্বরেই দেশের অধিকাংশ অঞ্চলে শীতের প্রকৃত আমেজ পাওয়া যেতে পারে।
সোহাগ/
