গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার একটি ভবনের ষষ্ঠ তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। পরে আগুনের প্রভাব আশপাশের ভবনেও পড়তে থাকে। আগুন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে একে একে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ২০টি ইউনিট একসঙ্গে কাজ করছে। পাশাপাশি দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ভেতরে থাকা সচল পাম্প ব্যবহার করছেন। পাশাপাশি আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
প্রতিবেদন লেখার সময় বুধবার দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুনের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোহাগ/
