| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সয়াবিন তেল-ডিটারজেন্টে তৈরি হচ্ছে নকল দুধ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৩ ১৫:০৪:০৯
সয়াবিন তেল-ডিটারজেন্টে তৈরি হচ্ছে নকল দুধ!

নিজস্ব প্রতিবেদক: সয়াবিন তেল, গ্লুকোজ, স্যাকারিন, ইউরিয়া সার, ডিটারজেন্ট পাউডার ও কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে কৃত্রিম ‘দুধ’। এসব দুধে গরুর খামার তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই নেই কোনো গরুই। অথচ নিয়মিত মণকে মণ কৃত্রিম দুধ তৈরি করে তা সরবরাহ করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের চিলিং সেন্টারে। পরে এসব দুধই নানা প্রক্রিয়ায় বাজারে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে দুই শতাধিক চিলিং সেন্টার। এর মধ্যে ৯২টি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাকি চিলিং সেন্টারগুলো ব্যক্তিমালিকানাধীন। এ ছাড়া সাঁথিয়া, বেড়া ও বাঘাবাড়ী এলাকাতেও রয়েছে আরও অসংখ্য দুধ সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্র।

সংশ্লিষ্টদের ভাষ্য, ৪০ লিটার ননিবিহীন সাদা তরলে মাত্র ৪৫০ টাকার বিভিন্ন রাসায়নিক মেশানো হলে সেটিকে উচ্চফ্যাটযুক্ত দুধের মতো তৈরি করা যায়। পরে ওই ৪০ লিটার কৃত্রিম দুধ প্রায় ২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। এতে প্রতি ৪০ লিটারে প্রায় ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত লাভ হয়। এভাবে প্রতিদিন বিপুল পরিমাণ কৃত্রিম দুধ তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন একটি চক্র।

ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব রাসায়নিক দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ফোনে বা অনলাইনে অর্ডার করে সংগ্রহ করা হয়। পরে কুরিয়ারসহ বিভিন্ন মাধ্যমে তা পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। তবে কৃত্রিম দুধ চিলিং সেন্টারে সরবরাহ করতে আলাদা ব্যবস্থার কথাও জানিয়েছেন কয়েকজন কারবারি। তাদের দাবি, ঘুষের বিনিময়ে কোনো কোনো চিলিং সেন্টারে এসব দুধ ঢোকানো হয়।

সম্প্রতি প্রশাসনের অভিযানে ভেজাল দুধ তৈরির অভিযোগে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বেড়ার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ৬ সেপ্টেম্বর সাঁথিয়ার নাগডেমড়া এলাকায় জুঁই ডেইরি ফার্মের মালিককে বিভিন্ন অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফরিদপুরের কেয়া ডেইরি, আমিনা ডেইরি, প্রিমিয়াম ফুড, বেড়ার জয়দেব ঘোষ এবং ভাঙ্গুড়ার সিংগাড়ি গ্রামের আশরাফুল আলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বেড়ার নাকালিয়া ও পেচাকোলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরির অভিযোগ রয়েছে। সেখানে প্রায় ১২ বছর ধরে ভেজাল দুধ তৈরির অভিযোগে জয়দেব ঘোষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভেজাল দুধের এই কারবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত খামারিরা। তাদের অভিযোগ, খাঁটি দুধের উৎপাদন খরচ বেশি হওয়ায় চিলিং সেন্টারের কিছু সংগ্রাহক তুলনামূলক কম দামের কৃত্রিম দুধের দিকে ঝুঁকছেন। ঘুষ বা কমিশন না দেওয়ায় প্রকৃত খামারিদের দুধও অনেক সময় সংগ্রহ করা হয় না বলে অভিযোগ রয়েছে।

বাওইখোলা গ্রামের দুগ্ধ খামারি আশরাফুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ীরা কম দামে কৃত্রিম দুধ বিক্রি করায় প্রকৃত খামারিদের দুধের বাজার নষ্ট হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ৫০ থেকে ৫৫ টাকা দরে দুধ বিক্রি করেও উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়েছে। প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে এ অঞ্চলের প্রকৃত দুগ্ধ খামারিরা আরও সংকটে পড়বেন।

প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় খামারিদের তথ্য অনুযায়ী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে প্রতিদিন প্রায় সাড়ে চার লাখ লিটার দুধের চাহিদা রয়েছে। বিপরীতে উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ লিটার। অর্থাৎ প্রতিদিন প্রায় ৫৫ থেকে ৬০ হাজার লিটার দুধের ঘাটতি রয়েছে।

উৎপাদিত দুধের মধ্যে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ লিটার মিল্ক ভিটা সংগ্রহ করে। আফতাব, আকিজ, প্রাণ, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান সংগ্রহ করে প্রায় পৌনে দুই লাখ লিটার। পাইকার বা ঘোষেরা নেন প্রায় ৫০ থেকে ৫৫ হাজার লিটার। এ ছাড়া দুই শতাধিক মিষ্টির দোকানে যায় প্রায় ১৫ হাজার লিটার এবং হাট-বাজারের স্থানীয় ক্রেতারা কেনেন প্রায় ১০ হাজার লিটার।

স্থানীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবদুল লতিফ বলেন, প্রকৃত খামারিরা সাধারণত দুধে ভেজাল মেশান না। অতিরিক্ত লাভের আশায় কিছু অসাধু মধ্যস্বত্বভোগী ভেজাল দুধ সরবরাহ করছেন। চিলিং সেন্টারে যথাযথভাবে মান যাচাই না হওয়ায় তারা সুযোগ পাচ্ছেন।

তবে প্রাণ ডেইরির ব্যবস্থাপক (অ্যাডমিন) সৈকত শেখ বলেন, দুধ সংগ্রহের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানে ডিজিটাল সফটওয়্যার ও এলএস মেশিনের মাধ্যমে ১৩ থেকে ১৪ ধাপে পরীক্ষা করা হয়। মানদণ্ডে না টিকলে বা সামান্য ভেজাল ধরা পড়লেও দুধ প্রত্যাখ্যান করা হয়। তার দাবি, ভেজাল দুধ গ্রহণ না করায় গত এক বছরে তাদের চিলিং সেন্টারের চার থেকে পাঁচজন কর্মী অসাধু চক্রের হামলায় আহত হয়েছেন।

তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠান একা কঠোরতা দেখিয়ে এ ধরনের অপরাধ বন্ধ করতে পারবে না। নকল দুধ তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের বিপণন ও পরিবহন নিয়ন্ত্রণের পাশাপাশি সব দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানের জন্য অভিন্ন ও বাধ্যতামূলক মান যাচাই পদ্ধতি বা এসওপি চালু করা প্রয়োজন।

মিল্ক ভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক ডা. সাইদুল ইসলাম বলেন, তাদের চিলিং সেন্টারে দুধ সংগ্রহের সময় প্রতিটি নমুনায় ফ্যাট, এসএনএফ এবং ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়। ভেজাল বা রাসায়নিকের উপস্থিতি ধরা পড়লে সেই দুধ তাৎক্ষণিকভাবে বাতিল ও ধ্বংস করা হয়। কিছু অসাধু ফড়িয়া চক্রের কারণে পুরো অঞ্চলের দুগ্ধ খাতের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির বলেন, প্রাকৃতিক দুধে বিভিন্ন উপাদানের স্বাভাবিক ভারসাম্য থাকে। কৃত্রিমভাবে চর্বির মাত্রা বাড়ানোর মতো কিছু কাজ করা সম্ভব হলেও প্রাকৃতিক দুধের প্রকৃত গঠন ও পুষ্টিমান নকল করা সম্ভব নয়। প্রাথমিক পরীক্ষায় অনেক ধরনের ভেজাল শনাক্ত করা কঠিন হতে পারে। এ জন্য স্বীকৃত পরীক্ষাগারে নির্দিষ্ট রাসায়নিক পরীক্ষা প্রয়োজন।

তার মতে, দুধে পানি, ইউরিয়া, ক্ষার বা ফর্মালডিহাইডের উপস্থিতি শনাক্ত করতে আলাদা পরীক্ষা দরকার। যথাযথভাবে মান যাচাই করা না হলে এটি বড় ধরনের জনস্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ভোজ্য তেল, ডিটারজেন্ট ও কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি কৃত্রিম দুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশু ও রোগীদের ক্ষেত্রে এ ধরনের রাসায়নিকযুক্ত দুধ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ভেজাল দুধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে দুধে মেশানো বিভিন্ন রাসায়নিক শনাক্ত করতে আধুনিক পরীক্ষাগার প্রয়োজন। পাবনায় বর্তমানে এ ধরনের স্থায়ী ল্যাব নেই। রাজশাহী থেকে একটি ভ্রাম্যমাণ ল্যাব মাসে মাত্র একবার আসে। জেলায় একটি স্থায়ী ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটি চালু করা গেলে ভেজাল দুধের কারবার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...