শেষ হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ; জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয়েছে লিটন দাসের দল। ফলে ৬৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা।
নাগোয়ার বাংলাদেশি প্রবাসীদের অনেক আশা ছিল ম্যাচটি ঘিরে। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশের শুরুটাই ছিল হতাশাজনক। প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় দল। অধিনায়ক লিটন দাস প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। এছাড়া ইয়াসির আলি রাব্বি ২১ ও পারভেজ হোসেন ইমন করেন ২০ রান। দলের চার ব্যাটার কোনো রান করতে পারেননি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২১ রানেই চার উইকেট হারায় তারা। বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ১ উইকেট। শেখ মেহেদি হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
তবে শেষ দিকে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ১৮ ওভারে ১৪৭ রান করার পর শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রানে ইনিংস শেষ করে তারা। থারিন্দু রত্ননায়েকে ৩২ বলে ৬৫ রান করেন।
বাংলাদেশের হয়ে সাইফ হাসান শেষ ওভারে দুটি উইকেট নেন। তবে মুস্তাফিজুর রহমান ও রিশাদের খরুচে বোলিংয়ে শেষদিকে দ্রুত রান তোলে শ্রীলঙ্কা।
এই হারের ফলে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। পুরুষ ক্রিকেটে এবারই প্রথম কোনো পদক ছাড়া দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
আয়শা/
