অনলাইনে পুরনো খতিয়ান থেকে বর্তমান মালিকের তথ্য দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: পুরনো খতিয়ানে থাকা নাম দেখেই জমির বর্তমান মালিক নির্ধারণ করা ঠিক নয়। জমি বিক্রি, উত্তরাধিকার বা হস্তান্তরের পর মিউটেশনের মাধ্যমে রেকর্ড পরিবর্তন হতে পারে। তাই বর্তমান মালিকের তথ্য জানতে অনলাইনে সর্বশেষ খতিয়ান ও মিউটেশনের তথ্য যাচাই করা যায়।
অনলাইনে খতিয়ান দেখতে প্রথমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘খতিয়ানের তথ্য অনুসন্ধান’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান বা দাগ নম্বরের তথ্য দিয়ে রেকর্ড খোঁজা যায়। সরকারি পোর্টালে খতিয়ান ও ম্যাপ দেখার সুবিধাও রয়েছে।
পুরনো খতিয়ান থেকে তথ্য খোঁজার সময় মৌজার নাম, জেএল নম্বর, দাগ নম্বর ও খতিয়ান নম্বর হাতে রাখা ভালো। পুরনো ও বর্তমান দাগ বা খতিয়ান নম্বর আলাদা হলে জমির পরিচিতি মিলিয়ে রেকর্ড খুঁজতে হবে।
মালিকানা পরিবর্তনের তথ্য যাচাই করতে মিউটেশন রেকর্ডও দেখা গুরুত্বপূর্ণ। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালিকানা পরিবর্তনের পর মিউটেশনের মাধ্যমে ভূমির রেকর্ড হালনাগাদ করা হয়।
তবে অনলাইনের তথ্যকে একমাত্র ভিত্তি করে জমি কেনাবেচার সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে নথি যাচাই ও প্রত্যয়িত কপি সংগ্রহ করা উচিত।
সিদ্দিকা/
