আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ ঘিরে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর মধ্যকার প্রীতি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও এখনো আর্জেন্টিনায় পৌঁছাতে পারেনি বুরকিনা ফাসো দল। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে বুরকিনা ফাসো দলের জন্য নির্ধারিত চার্টার্ড বিমানটি এখনো মরক্কো থেকে আর্জেন্টিনার উদ্দেশে উড্ডয়ন করেনি।
পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবারই বুরকিনা ফাসো দলের আর্জেন্টিনায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভ্রমণসূচিতে জটিলতা দেখা দেওয়ায় দলটি মরক্কোর কাসাব্লাঙ্কায় আটকে পড়ে।
শুক্রবার এক বিবৃতিতে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) জানায়, তাদের জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি বিমান সংস্থা কোনো পূর্বঘোষণা ছাড়াই বাতিল করে। এর ফলে ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত যাত্রা ব্যাহত হয় এবং দলের পুরো ভ্রমণ পরিকল্পনা নতুন করে সাজাতে হয়।
দলটিকে দ্রুত বুয়েনস আইরেসে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে এফবিএফ। এ ক্ষেত্রে বুরকিনা ফাসোর ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশন এবং মরক্কোতে দেশটির দূতাবাস যৌথভাবে কাজ করছে।
তবে ম্যাচের সময় ঘনিয়ে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দীর্ঘ ভ্রমণ এবং প্রস্তুতির জন্য সীমিত সময়ের কারণে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি নিয়েও উদ্বেগ রয়েছে। দলের আর্জেন্টিনা সফর ও ম্যাচে অংশগ্রহণ নিশ্চিত করতে দেশটির ক্রীড়ামন্ত্রী, এফবিএফ সভাপতি এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে নির্ধারিত সময়ে বুরকিনা ফাসো দল আর্জেন্টিনায় পৌঁছাতে পারে কি না, তার ওপরই নির্ভর করছে ম্যাচটি সময়মতো মাঠে গড়ানোর বিষয়টি।
আয়শা/
