দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটিকে মৃদু শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।
সাম্প্রতিক সময়ে নরসিংদী ও আশপাশের এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে ১৭ আগস্ট শিবপুরে ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।
এদিকে নরসিংদীতে সাম্প্রতিক বছরগুলোর উল্লেখযোগ্য ভূমিকম্পগুলোর মধ্যে গত বছরের ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার কম্পন অন্যতম। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
বারবার কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, কোনো ভূমিকম্পের পর ভবিষ্যতে বড় ভূমিকম্প হবে কি না, তা নির্দিষ্টভাবে আগে থেকে বলা সম্ভব নয়। এ ধরনের পরিস্থিতিতে ভূমিকম্পের মাত্রা, গভীরতা ও উৎপত্তিস্থলসহ বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করা হয়।
সোহাগ/
