নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক: মূল্যস্ফীতির ঝুঁকি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপের মধ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশে রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা টেকসইভাবে নিয়ন্ত্রণে এসেছে এমন প্রমাণ এখনো নেই। জ্বালানির দাম, বৈশ্বিক বাজারের অস্থিরতা, হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং নতুন বেতন কাঠামোর সম্ভাব্য প্রভাব মূল্যস্ফীতিতে চাপ তৈরি করতে পারে।
অর্থনীতিতেও চাপ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে।
অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। কৃষি, সিএমএসএমই ও রপ্তানি খাতেও পুনঃঅর্থায়ন সুবিধা থাকবে।
এদিকে রেমিট্যান্স প্রবাহে কিছুটা স্বস্তি রয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স ১৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে মুদ্রানীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোহাগ/
