ChatGPT আনল ‘Dots’, নিজে থেকেই কাজ করবে AI এজেন্ট
নিজস্ব প্রতিবেদক: নতুন ধরনের AI এজেন্ট ‘Dots’ উন্মোচন করেছে OpenAI। GPT-6 Astra-চালিত এই AI এজেন্ট ব্যবহারকারীর দেওয়া লক্ষ্য অনুযায়ী বিভিন্ন অ্যাপ ও টুলে নিজে থেকেই কাজ এগিয়ে নিতে পারবে।
সান ফ্রান্সিসকোতে OpenAI-এর বার্ষিক Developer Day অনুষ্ঠানে Dots-এর ঘোষণা দেওয়া হয়। এটি ChatGPT-এর ওয়েব, মোবাইল ও ডেস্কটপ সংস্করণে চালু হচ্ছে। শুরুতে নির্দিষ্ট বাজারে Pro, Business Premium ও Enterprise ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন।
OpenAI জানিয়েছে, প্রতিটি Dot আলাদা ক্লাউড কম্পিউটারে কাজ করবে এবং ChatGPT-এর মেমোরি, Codex ও সংযুক্ত বিভিন্ন টুল ব্যবহার করতে পারবে। ব্যবহারকারী নির্ধারণ করবেন কোন অ্যাপ ও কাজের অনুমতি Dot পাবে।
ব্যবহারকারীরা Slack ও Microsoft Teams থেকেও Dots-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তন বা স্থায়ীভাবে ডেটা মুছে ফেলার মতো সংবেদনশীল কাজের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীর অনুমতি প্রয়োজন হবে।
OpenAI-এর মতে, Dots সাধারণ চ্যাটবটের মতো শুধু উত্তর দেওয়ার পরিবর্তে একটি কাজ বা প্রকল্পের পরবর্তী ধাপ নির্ধারণ করে সেটি এগিয়ে নিতে পারবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কাজটি ব্যবহারকারীর কাছে পর্যালোচনার জন্য ফিরিয়ে দেবে।
সোহাগ/
