সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এত দিন শুধু পঞ্চম গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন থেকে সব গ্রেডের সরকারি কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন।
ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দিন মোবাইল ভাতা শুধু পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল। নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এখন সব গ্রেডের সরকারি কর্মচারী এ সুবিধা পাবেন।
১ জুলাই থেকে কার্যকর নতুন পে স্কেল
জাতীয় বেতন স্কেল-২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা হয়েছে। এ কারণে চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হবে।
উপকৃত হবেন লাখো সরকারি কর্মচারী
নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী উপকৃত হবেন। এর পাশাপাশি সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীসহ অন্যান্য যোগ্য সুবিধাভোগীরাও এর আওতায় আসবেন।
নতুন বেতন কাঠামোর পাশাপাশি সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীদের ডিজিটাল যোগাযোগ ব্যয় বিবেচনায় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সিদ্দিকা/
