দ্বিগুণ বেতন, খুশি সরকারি চাকরিজীবীরা; বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদনের খবরে উচ্ছ্বসিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নতুন পে-স্কেলে কোনো কোনো গ্রেডে মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। তবে এই বেতন বৃদ্ধির প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বেসরকারি খাত ও সাধারণ মানুষের মধ্যে। তাদের আশঙ্কা, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে বাজারে অর্থের প্রবাহ বেড়ে গেলে পণ্য ও সেবার দামও বাড়তে পারে। এতে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের আয় বাড়ানোর সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বড় একটি অংশ বেসরকারি খাত ও অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর নির্ভরশীল। তাই শুধু সরকারি কর্মচারীদের আয় বাড়লে সামগ্রিক আয়বৈষম্য আরও দৃশ্যমান হতে পারে।
বেতন বাড়ায় সরকারি চাকরিজীবীদের স্বস্তি
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অন্যদিকে, ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেনশনের পরিমাণ অনুযায়ী ৫৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে। নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ
সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তাদের ভোগ ও ব্যয় বাড়তে পারে। এতে বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বেসরকারি খাতের কর্মীরা।
তাদের মতে, বেতন বাড়ার পর অনেক সময় বাসাভাড়া, পরিবহন খরচ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সেবার মূল্যও বাড়তে দেখা যায়। ফলে যাদের আয় একই থাকে, তাদের প্রকৃত ক্রয়ক্ষমতা আরও কমে যেতে পারে।
একজন বেসরকারি চাকরিজীবীর ভাষ্য, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলেও দেশের অধিকাংশ মানুষ সরকারি চাকরিতে নেই। তাই তাদের আয় বাড়ানোর সুযোগ তৈরি না হলে বেতন বৃদ্ধির সুফল সবার মধ্যে সমানভাবে পৌঁছাবে না।
বাড়তি মজুরির চাপ বেসরকারি খাতে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ফলে বেসরকারি শিল্প ও প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বাড়ানোর দাবিও জোরালো হতে পারে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাড়তি ব্যয় বহন করা অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার অনেক বেশি। একই সময়ে শিল্পকারখানাগুলো নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এবং অনেক কারখানা প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে মজুরি বাড়ানোর চাপ তৈরি হলে শিল্প খাতের জন্য তা বহন করা কঠিন হবে।
কর্মসংস্থান বাড়ানোর তাগিদ
দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি, বিনিয়োগের দুর্বলতা ও কর্মসংস্থানের সংকট নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন, শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেই হবে না, সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও সরকারকে নজর দিতে হবে।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বিনিয়োগের পরিস্থিতি ভালো নয়। এমন সময়ে বড় ধরনের বেতন বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। মূল্যস্ফীতি বাড়লে সরকারি চাকরিজীবীরা তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকবেন, কিন্তু বেসরকারি খাতের কর্মীরা বড় ধরনের চাপে পড়তে পারেন।
সবার আয় বাড়ানোর সুযোগ তৈরির দাবি
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধির পরিবেশ তৈরি করা জরুরি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অর্থনীতিবিদদের মতে, নতুন পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি উৎপাদন ও বিনিয়োগ বাড়ানো গেলে অতিরিক্ত চাহিদার চাপ সামলানো সহজ হবে। অন্যথায় মানুষের আয় বাড়লেও যদি পণ্য ও সেবার দাম দ্রুত বেড়ে যায়, তাহলে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল অনেকটাই কমে যেতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
