বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলের কিছু এলাকায় আকস্মিক ও সাময়িক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও এর আশপাশের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অন্যান্য এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত রেকর্ড না হলেও ভারতের মেঘালয়ের মাওকিরওয়াটে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। তবে বৃষ্টিপাতের প্রভাবে উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
আগামী দুই দিনে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান ও কক্সবাজার জেলার কয়েকটি পয়েন্টে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বর্তমানে কমলেও আগামী দুই দিনে এসব নদীর পানি আবার দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে কমছে। সুরমা-কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমার কাছাকাছি থাকলেও আগামী দুই থেকে তিন দিন তা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি কমার প্রবণতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে গঙ্গা-পদ্মার পানিও কমছে। তবে আগামী দুই দিন পর গঙ্গা-পদ্মার পানি কিছুটা বাড়তে পারে। তারপরও তা বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কীর্তনখোলা, লোহালিয়া-মেঘনা, পশুর, ইছামতী, কর্ণফুলী, লিটল ফেনী ও নোয়াখালী খালসহ বিভিন্ন উপকূলীয় নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতার জোয়ার দেখা যাচ্ছে। আগামী দুই দিন এসব নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সার্বিকভাবে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
