গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর একটি গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও রয়েছেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টাইন অধিনায়কের সামনে রয়েছে দুটি সম্ভাব্য সমীকরণ। এর যেকোনো একটি পূরণ করতে পারলেই তিনি ছিনিয়ে নিতে পারেন আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তার গোল ১০টি, অ্যাসিস্ট ৪টি। অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
ফলে ফাইনালে শুধু দুটি গোল করলেই মেসির গোলসংখ্যা ১০-এ পৌঁছাবে। কিন্তু তাতেও নিশ্চিত হবে না গোল্ডেন বুট। কারণ গোল ও অ্যাসিস্ট সমান হলে ফিফার টাইব্রেকিং নিয়ম অনুযায়ী বিবেচনায় আসবে মাঠে কম সময় খেলা ফুটবলার।
এক্ষেত্রে এমবাপে সুবিধাজনক অবস্থানে আছেন। ফরাসি তারকা টুর্নামেন্টে খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসির খেলা ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিট বা তার বেশি সময় খেললে মেসির মোট মিনিট এমবাপের সমান বা বেশি হয়ে যাবে। ফলে কেবল দুই গোল করলেও গোল্ডেন বুট তার হাতে উঠবে না।
মেসির সামনে তাই মূলত দুটি পথ খোলা রয়েছে।
প্রথম সমীকরণ, স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করতে হবে। তাহলে তার গোলসংখ্যা হবে ১১, যা এমবাপের ১০ গোলকে ছাড়িয়ে যাবে।
দ্বিতীয় সমীকরণ, দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে। সেক্ষেত্রে মেসির গোল হবে ১০টি এবং অ্যাসিস্ট দাঁড়াবে ৫টি। গোল সমান হলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুট জিতবেন আর্জেন্টাইন অধিনায়ক।
অবশ্য ফাইনালে হ্যাটট্রিক করা মোটেও সহজ নয়। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন ফুটবলার ফাইনালে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
তবে চলতি বিশ্বকাপেই নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি। এবার প্রতিপক্ষ ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। তাই শিরোপার পাশাপাশি গোল্ডেন বুট জয়ের স্বপ্নও পূরণ করতে হলে মেসিকে দেখাতে হবে আরেকটি অসাধারণ পারফরম্যান্স।
সোহাগ/
