গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন আলোচনার জন্ম দিয়েছে জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের পূর্বাভাস। অতীতের মতো এবারও তারা বিশ্বকাপজয়ী দলের নাম আগেভাগেই জানিয়ে দিয়েছে। তবে সেই পূর্বাভাস আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখকর নয়।
ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন। অর্থাৎ, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে লা রোহাদের।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে, ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি।
ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ হলো তাদের সাম্প্রতিক সাফল্য। গত চারটি বিশ্বকাপে প্রতিষ্ঠানটির পূর্বাভাস বাস্তবের সঙ্গে হুবহু মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আগেই পূর্বাভাস দিয়েছিল তারা। শেষ পর্যন্ত প্রতিবারই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে।
তবে তাদের সব পূর্বাভাস যে শতভাগ সঠিক ছিল, তা নয়। ২০০৬ বিশ্বকাপে ইএ স্পোর্টস চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। কিন্তু সেই দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের সিমুলেশন সঠিক ফল দিয়েছে।
এ কারণেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে ইএ স্পোর্টসের এই পূর্বাভাস নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এটি একটি কম্পিউটারভিত্তিক সিমুলেশন মাত্র, কোনো নিশ্চিত ফল নয়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই।
আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এখন দেখার বিষয়, ইএ স্পোর্টসের পূর্বাভাস আবারও বাস্তবে রূপ নেয়, নাকি মাঠে ভিন্ন গল্প লিখে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখে লিওনেল মেসির আর্জেন্টিনা।
সোহাগ/
