ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে? ভবিষ্যদ্বাণী করল ‘জ্যোতিষী’ বিড়াল
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। যদিও আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ লড়াইকে ঘিরে নতুন করে ভবিষ্যদ্বাণী দিয়েছে সে।
মিলুর ‘পছন্দ’ অনুযায়ী, রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর আগের সব পূর্বাভাসই মিলে গিয়েছিল। তাই সেলেসাও সমর্থকদের একাংশের কাছে বিড়ালটি এখন সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ভক্ত দাবি করছেন, জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের আগেও মিলু ব্রাজিলের পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছিল।
মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, তার এই ‘ভবিষ্যদ্বাণী’র পদ্ধতি বেশ সহজ। ম্যাচের আগে একই ধরনের দুটি পাত্রে খাবার রাখা হয় এবং প্রতিটি পাত্রের সঙ্গে দুই দলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে যে দলের পতাকা থাকা পাত্র থেকে সে প্রথম খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।
তবে এই পদ্ধতি নিয়ে বিতর্কও রয়েছে। অনেকের অভিযোগ, মালিক ইচ্ছাকৃতভাবে মিলুকে নির্দিষ্ট একটি পাত্রের দিকে প্রভাবিত করেন। যদিও এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নাতান। তার দাবি, পুরো প্রক্রিয়াটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় এবং এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। মিলুই নিজের পছন্দে খাবারের পাত্র নির্বাচন করে।
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো পূর্বাভাস ভুল হলেও ব্রাজিল-নরওয়ে ম্যাচে মিলুর ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটাই এখন দেখার বিষয়। যদি আবারও তার পূর্বাভাস মিলে যায়, তাহলে বিশ্বকাপজুড়ে ‘জ্যোতিষী’ বিড়াল হিসেবে মিলুর জনপ্রিয়তা আরও বাড়বে।
সোহাগ/
