বিশ্বকাপ স্কোয়াডে নেইমার, আবেগঘন বার্তায় ভেঙে পড়লেন ব্রাজিল তারকা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অনিশ্চয়তা ও ইনজুরি কাটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আনুষ্ঠানিকভাবে দলে নিজের নাম নিশ্চিত হওয়ার পর আবেগ সামলাতে পারেননি তিনি। দীর্ঘদিনের পুনর্বাসন ও কঠিন সময় পেরিয়ে বিশ্বকাপ মঞ্চে ফেরার সুযোগ পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন নেইমার, যেখানে তাকে ঘনিষ্ঠ বন্ধু ও সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও আনন্দের মুহূর্তগুলোর একটি এখন ইউটিউব চ্যানেলে রয়েছে। ধন্যবাদ ব্রাজিল।”
২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। কঠোর পুনর্বাসন শেষে তিনি ফিরছেন নিজের চতুর্থ বিশ্বকাপ আসরে। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করে তিনি দেশের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন।
তবে তার স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। এ প্রসঙ্গে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট সমর্থন জানিয়েছেন নেইমারের প্রতি।
তিনি বলেন, নেইমারের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। বিশ্বকাপে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ।
আনচেলত্তি আরও জানান, নেইমারকে শুধু বিকল্প খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে না। তিনি এক মিনিট খেলুক বা পুরো ম্যাচ, প্রতিটি পরিস্থিতিতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
আয়শা/
