ঈদুল আজহার তারিখ ঘোষণা করল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ মে (মঙ্গলবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, রোববার (১৭ মে) সন্ধ্যায় পাকিস্তানের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
চাঁদ দেখা নিয়ে করাচিতে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ।
এর আগে একই দিনে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এসব দেশেও ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে সৌদি আরবেও রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেখানে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশেও একই দিনে চাঁদ দেখা গেছে।
এদিকে বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদের তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, কোথাও চাঁদ দেখা গেলে তা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা নির্ধারিত নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।
সিদ্দিকা/
