আজ শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি; কারা পাবেন
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে নির্ধারিত ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং রোগের বিস্তার রোধ করা।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং নির্ধারিত বয়সের শিশুদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
কারা পাবেন এই টিকা:
এই বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যেসব শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকি নেই। টিকার পাশাপাশি কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুলও খাওয়ানো হবে, তবে অসুস্থ শিশুদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রদান করা হবে।
যেসব এলাকায় টিকা দেওয়া হচ্ছে:
আজ থেকে নির্ধারিত ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম চলছে। জেলাগুলো হলো— বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি এবং শরীয়তপুর। সংশ্লিষ্ট এলাকার পৌরসভা ও নির্দিষ্ট উপজেলা সদরের টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকেই শিশুদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে দ্রুতই হামের প্রকোপ কমিয়ে আনা সম্ভব হবে। অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তাদের সন্তানদের সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
সোহাগ/
