২০ শতাংশ কমে গেল এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের স্বস্তি ও জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায় এলপি গ্যাসের ওপর বড় ধরনের ভ্যাট ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য ৭.৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম করও তুলে নেওয়া হয়েছে। এর পরিবর্তে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তাদের ওপর এলপিজি ব্যবহারের ক্ষেত্রে আগের তুলনায় প্রায় ২০ শতাংশ ভ্যাট বা মূসকভার হ্রাস পাবে। এনবিআর জানিয়েছে, জনস্বার্থে এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, উৎপাদন ও বিক্রয় পর্যায়ে কোনো বাড়তি মূল্য সংযোজন না হওয়ায় এলপি গ্যাসের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
সোহাগ/
